সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ৩০ মাইল নামক স্থানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদারের নেতৃত্বে মিছিলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে অংশ নেন নগরঘাটা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মোড়ল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব নগরঘাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ হোসেন মিলন, সদস্য সচিব মাসুম বিল্লাহ বাচ্চু, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাহেব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিন্টু এবং নগরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার আহমেদ জীবন,যুবদল নেতা এস এম পলাশ যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মহব্বত স্বেচ্ছাসেবক দলনেতা সোহাগ বজলু হাবিবুরসগ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি ৩০ মাইল মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরামুখী বিনেরপোতা ও আসাননগর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ৩০ মাইল মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও নানা বাধা-বিপত্তির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
বক্তারা আরও বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
তারা বলেন, কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনেও নগরঘাটা ইউনিয়ন বিএনপি সংগঠনের প্রতিটি কর্মসূচিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ করবে।
বিক্ষোভ মিছিলে নগরঘাটা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
