বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের রাজনৈতিক তকমা দিয়ে হয়রানি বন্ধের দাবি সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,
নভেম্বর ২৫, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সদস্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয়। প্রাণে বাঁচতে তিনি ঘেরে আশ্রয় নেন। একই দিন মব সৃষ্টি করে একটি সভা থেকে তুলে নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিন-এর শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজ-এর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া মোহনা টিভির যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকেও মব সৃষ্টি করে কেশবপুরের গ্রামের বাড়ি থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা এবং স্থানীয় অনিয়ম-অসংগতি তুলে ধরা। কিন্তু এ কাজ করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।

তারা রাজনৈতিক পরিচয়ের ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্যামনগরের তিন সাংবাদিকের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরসের রিজাউল করিম, পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুলসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।