শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার

নিউজ ডেস্ক :
মে ১৫, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

সভাপতি-সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই, ভোট দেবেন ৮০০ শিক্ষক


শিক্ষকদের সংগঠনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের মধ্যে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন নিয়ে শিক্ষক সমাজে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার প্রায় ৮০০ শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এদিকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ ও ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির।

নির্বাচন ঘিরে প্রার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।