কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক ওই কর্মশালা শনিবার (২৩ মে) উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মহিলা বিষয়ক অফিসার নুরুন্নাহার আক্তার, আইসিটি অফিসার মোতাহার হোসেন ও বেসরকারি সংস্থার প্রতিনিধি (এনজিও) সহ বিভিন্ন অংশজনেরা এ সময় উপস্থিত ছিলেন।
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে
কর্মশালায় প্রধান অতিথি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে ও গ্রামের ছোটখাটো বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতে দ্রুত অভিযোগ নিষ্পত্তি করা হয়।
গ্রামের সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করার জন্য গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারনা চালানোর জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের কাজ করার জন্য বলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, গ্রাম আদালত হলো বিচার ব্যবস্থার তৃণমূল ভিত্তি। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য সাধারণ মানুষকে যেন জেলা আদালত বা থানায় যেতে না হয়, সে জন্যই গ্রাম আদালতকে কার্যকর করা করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালতে সাধারণ বিচারপ্রার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে জেলা আদালতের মামলার জটও অনেকাংশে হ্রাস পাবে। তিনি বলেন, সাধারণ মানুষ যেন গ্রাম আদালতের গুরুত্ব বুঝতে পারে, সেজন্য সকলে মিলে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনা করতে হবে।
কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার, যুব উন্নয়ন অফিসার, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা গ্রাম আদালত কার্যক্রমের প্রচার-প্রচারনা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র।
