বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আজ এক আলোচনা সভা উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্য সালেহা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গাজী আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সনজিত কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান , প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ডিবিসি নিউজের এম বেলাল হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুবীর কুমার পাল, উন্নয়ন সংস্থা সাস-এর টেকনিক্যাল অফিসার জাবেদ মেয়াদাদ, সুশীল সমাজ সংগঠনের সদস্য সোনামনি এবং শিক্ষার্থী ফোরামের সদস্য ফাতেমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার রোকসানা পারভীন। এসময় পল্লীশ্রী থেকে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে আগত ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ছাড়াও সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমগ্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে বারসিক এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠন (CSO) ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু অভিযোজন এবং পরিবেশগত মানবাধিকার বিষয়ক বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করেন অতিথিরা। এছাড়া জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক একটি সচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়।
