সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বক্তব্যে তিনি বলেন, “আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলাম। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তালা উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করব।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ঢাকা সহ বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের জনগণ একটি নির্বাচিত সরকার দেখতে চায়। মব সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না।”
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমি নির্বাচিত হলে তালা ও কলারোয়ার সকল শ্রেণি-পেশার মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব নেব।”
বিএনপির সম্ভাব্য রাষ্ট্রক্ষমতার বিষয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষি ভাতা চালু করা হবে।”
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন,তালা উপজেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
