বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মাহমুদুল হকের মতবিনিময়

এস এম মোতাহিরুল হক শাহিন
মে ২১, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে কর্মরত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহমুদুল হক বলেন, “মানুষ যখন নীতি-নৈতিকতা বিসর্জন দেয়, তখন তারা আর প্রকৃত মানুষ থাকে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাচ্ছি। পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “পদ চেয়ে নেওয়া ইসলামের পরিপন্থি। জামায়াতে ইসলামীর কেউ নিজে প্রার্থী হয় না, সংগঠন দায়িত্ব দিলে নির্বাচন করতে হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন পরিচালনার মতো যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা আমার নেই। তবে উপজেলার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি বিশ্বাস করি, নির্বাচন করলে পোস্টার দেওয়ার প্রয়োজন হবে না।”
ডাঃ মাহমুদুল হক বলেন, “আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষ রয়েছে। কারও সঙ্গে খারাপ আচরণ বা গালাগালি করা উচিত নয়। দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হতে পারলে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জি এম খলিলুর রহমান লিথু, ফারুক হোসেন জোয়ার্দার, মো. ইলিয়াস হোসেন, তরিকুল ইসলাম, এস এম মোতাহিরুল হক শাহিন, মো. শফিকুল ইসলাম, সেকান্দার আবু জাফর বাবু, আরিফ বিল্লাহ, অর্জুন বিশ্বাস, আজমল হোসেন জুয়েল, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব, মিলন গোলদারসহ তালা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের জন্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর পক্ষ থেকে আম পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।