সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের নিচে পিলারটি পোঁতা ছিল। সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে মাটি খুঁড়ে পিলারটি ঘরের ভেতরে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকস দল ওই সময় অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ভোলানাথ সানা (মৃত চতুর চন্দ্র সানার ছেলে, কলাগাছি) ছাড়াও রয়েছেন খুলনার বটিয়াঘাটার একজন এবং পাইকগাছার দুইজন বাসিন্দা।
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানতে পারি কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা হচ্ছে। অভিযান চালিয়ে পিলারসহ তাদের আটক করা হয়েছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে তাদের আইনের আওতায় আনা হবে, নির্দোষরা মুক্তি পাবে।
