বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার আটারই মানসিক প্রতিবন্ধী ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই ২১, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে এক অসহায় মানসিক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানের ওপর হামলা ও তার দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ৯টার দিকে আটারই স্কুলের সামনে নিজের ছোট দোকানে কাঁচামাল বিক্রি করছিলেন সাইদুর রহমান। এ সময় সামান্য কথা কাটাকাটির জেরে একই গ্রামের আনসার, আজগার, মুজাহিদসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার দোকান ভাঙচুর করে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে দেয়।
এলাকাবাসীর দাবি, সাইদুর রহমান একজন অসহায় ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। জীবিকার তাগিদে ছোট্ট একটি ব্যবসা করে কোনোমতে জীবন-জীবিকা নির্বাহ করছেন। এমন একজন নিরীহ মানুষের ওপর হামলার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, “যে মানুষটি কষ্ট করে সৎভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, তার ওপর এমন নৃশংস হামলার কোনো যৌক্তিকতা নেই।”
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে বাড়িতে পাওয়া যায় নাই
এ বিষয়ে তখনই তালা থানা ওসির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি।
এ বিষয়ে আটারই বাজার বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। একজন অসহায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত সাইদুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।