শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব

মারুফ হোসেন :
অক্টোবর ১, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি ২টি করে মোট ১০টি বাইসাইকেল দেওয়া হয়। এভাবে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮০ জন শিক্ষার্থী এ সুবিধা পেয়েছে।
অনুষ্ঠানে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজীরহাট হাইস্কুল। এসব প্রতিষ্ঠানের ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্রের মাঝে মোট ৮০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধার বিকাশ ঘটাতে উৎসাহিত হয়, সেজন্য আমরা তাদের পাশে আছি।”
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।