সাতক্ষীরার আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুইটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এভাবে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এ সুবিধা পেয়েছে।
বাইসাইকেল পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল সরকারি বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরীপুর আব্দুস সোবহান মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বয়েজ স্কুল, সাতক্ষীরা সরকারি গার্লস স্কুল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা সরকারি বিপিএমপি ইনস্টিটিউট, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পারুলিয়া সাগরসাহ মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, এটি শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে ইতিমধ্যে জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের মতো বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
