নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার তালায় মহাসমারোহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর এলাকায় ‘ভূমিজ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘নেট টু রাইট’ ও ডেনমার্কভিত্তিক সংস্থা ‘দ্য সোলোয়াজ’-এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে প্রধান আলোচনা সভায় বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি জি. এম. শহিদুল্লাহ গাজী।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গ্রামীণ নারীদের অবদান সবচেয়ে বেশি। অথচ তারা এখনো সামাজিক নিরাপত্তা, কাঙ্ক্ষিত অধিকার ও মূল্যায়নের দিক থেকে পিছিয়ে রয়েছেন। নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা বন্ধ ও বাল্যবিয়ে রোধে স্থানীয় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের একযোগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশীল প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর দে অঞ্জন কুমার, নারী নেত্রী চুমকি দাস, রিপা দাস, দয়াল কৃষ্ণ দাস, কাকলী দাস, সংস্থার এবং স্বপ্ন বিশ্বাস। আলোচনা সভা শেষে স্থানীয় নারী ও সামাজিক উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি ফতেপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
