বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে শিক্ষিত চোরেরা জনগণের একটি পয়সাও চুরি করে খেতে পারবে না। আর যারা জনগণের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে তা বের করে আনা হবে।
তিনি মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করেন, তাদের বেতন ঝুঁকির মাত্রা অনুযায়ী বাড়ানো হবে। শিক্ষিত বেকারদের ভাতা দিয়ে বসিয়ে না রেখে কর্মদক্ষ করে চাকরির ব্যবস্থা করা হবে।
একজন সাংবাদিকের সঙ্গে আধুনিক এক নারীর প্রশ্নোত্তরের প্রসঙ্গ টেনে জামায়াতের আমীর বলেন, জামায়াতে ইসলামীকে সমর্থন করতে গিয়ে যদি ইসলামী পোশাক পরতেও হয়, তাতেও ওই নারী সম্মতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, কেউ কেউ মেয়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেন, আবার কেউ কেউ তাদের গায়ে হাত দেন। এটা কেমন ফ্যামিলি কার্ড?
ভারতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরার ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতে যে অন্যায্য আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা ন্যায্যতাভিত্তিক সম্পর্ক চাই, কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, জামায়াত অধ্যুষিত জেলা হওয়ায় সাতক্ষীরার মানুষ বিগত সরকারের আমলে বিমাতাসুলভ আচরণের শিকার হয়েছে। এই জেলাকে আগের সরকার এ দেশের অংশ বলেই মনে করত না।
জেলা জামায়াতের সভাপতি শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
