শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাসের এসিসিইএফএস প্রকল্পের উদ্যোগে গোলখালী সুন্দরবন পানি প্ল্যান্টের শুভ উদ্বোধন

তাপস সরকার ::
জুলাই ২৩, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

 মঙ্গলবার ( ২২ জুলাই) বিকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে উপকূলীয় মানুষের নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (ACCEFS) প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামে সুন্দরবন পানি প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মো. মিজানুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসের সহকারী পরিচালক সাধন কুমার দাস, পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স,প্রকল্পের ম্যানেজার ওবায়দুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (কৃষি) প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এসিসিইএফএস প্রকল্পের মনিটরিং অফিসার জাভেদ মিয়াদাদ, পরিবেশ কর্মকর্তা শারমিন আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর আবু জাহিদ, ইকবাল হোসেন, মোস্তফা কামাল, তাপস সরকার, সালেহা খাতুন ও মাসুমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে নিরাপদ সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। এ ধরনের উদ্যোগ নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই জীবনযাত্রা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই পানি প্ল্যান্ট দীর্ঘদিন মানুষের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে শেখ ইমান আলী বলেন, “সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং খাদ্য ও পানির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এসিসিইএফএস প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এই সুন্দরবন পানি প্ল্যান্ট স্থানীয় মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও কার্যকর অবদান রাখবে।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সভাপতিসহ অতিথিবৃন্দ ফিতা কেটে সুন্দরবন পানি প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা প্ল্যান্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে অবহিত হন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক আখ্যায়িত করে বলেন, উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে এই পানি প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।