বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি,
নভেম্বর ১৮, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই ও ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান।

বক্তারা বলেন, সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারে বাজারে বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।