শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি,
নভেম্বর ১৯, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়। সমবায় অধিদপ্তরের ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প’-এর উদ্যোগে এবং তালা উপজেলা সমবায় কার্যালয়ের ব্যবস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বুদ্ধকরণ বক্তব্য দেন খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক মাসুদা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা আশিক উর রহমান। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় তালা উপজেলা থেকে ১৫০ জনকে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে বাঁশ ও বেতের সামগ্রী তৈরি, গবাদিপশু পালন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।