বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে কোন সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কিছু নেই। এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সকলেই আমরা ভাই-ভাই। এখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। সারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক তারেক রহমান পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। রবিবার সারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।
তিনি বলেন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোসহিন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেছেন। তারই উত্তরসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের দেখানো পথে দেশ পরিচালনা করছেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন আরো বলেন, দুর্গা পূজায় পূর্বে ৫শ কেজি চাল দেওয়া হতো, কিন্তু পূজাউৎসব কে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী প্রতিটি মন্দিরে আরো ১শ কেজি চাল বেশি বরাদ্দ দিয়ে ৬শ কেজি অনুদান দিয়েছেন। তিনি জামায়াত ইসলাম কে সমালোচনা করে বলেন গত ঈদে অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে সাতক্ষীরায় লক্ষ লক্ষ টাকা ও নতুন কাপড় বরাদ্দ দেওয়া হয়েছিলো। কিন্তু জামায়াত ইসলামের এমপিরা অসহায় গরিবদের না দিয়ে জামায়াত-শিবিরসহ তাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে সরকারি অর্থ বিতরণ করেছে। তিনি বলেন গত নির্বাচনে হিন্দু ভাই-বোনেরা আপনারা আমাকে ৩৫ হাজার ভোট দিয়েছেন। তার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি দুর্ভাগ্যবসত জয়লাভ করতে পারেনি। আমি পরাজিত হয়েও আপনাদের পাশে আছি, ভবিষতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে আমি সততা ও স্বচ্ছতার সাথে সরকারি সব উন্নয়ন কাজ সমান ভাবে বন্টন করবো।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন রবিবার সারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে বিকাল ৫টা থেকে গভিররাত পর্যন্ত শতশত নেতা-কর্মীদের সাথে নিয়ে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘোষপাড়া সার্বজনীন, খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দির, ঘুগুমারী সরিরাবাদ দুর্গা মন্দির, গদাইপুর সার্বজনীন পূজা মন্দির, তুয়ার ডাঙা পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা তাতিদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, খাজরা ইউনিয়ন যুব দলের আহবায়ক মিজানুর রহমান, দিদারুল ইসলাম বাপ্পি, খাজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, খাজরা বাজার পূজা মন্দির কমিটির সভাপতি হিরন্ময় মন্ডল, সাধারণ সম্পাদক ঠাকুর দাস সানা প্রমুখ।
