মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ, ১৮৮ নারী পেলেন ৩০ কেজি করে চাল

নিজস্ব প্রতিনিধি,
অক্টোবর ২৬, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কুমিরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুমিরা ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন শতাধিক নারী অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্টের নির্মিত ধর্মীয় সম্প্রীতিবিষয়ক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, মাদকাসক্তি, আত্মহত্যা, মানব পাচার, মব সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধবিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহের কুফল নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টরের প্রতিনিধি ড. নাজমুন নাহার, সংস্থাটির খুলনা বিভাগীয় প্রধান রাজু জবেদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সমাজসেবক মো. আব্দুল কুদ্দুস এবং সমাজসেবক ও রাজনীতিবিদ রবিউল ইসলাম ও মো. ইদ্রিস আলী।
এ ছাড়া রিইব বাংলাদেশের প্রতিনিধি, মহিলা ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য, সাংবাদিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডব্লিউবি ও মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগী নারী, কুমিরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার সৌজন্যে ৪০০টি গাছের চারা ও শাকসবজির বীজ বিতরণ করা হয়। পাশাপাশি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ১৮৮ জন উপকারভোগী নারীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।